দৈনিক চাঁপাই পোস্ট ডেস্ক||
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে চাঁপাই নবাবগঞ্জ সদর ৩ আসনের ৫১৫ টি ভোটকেন্দ্রে ব্যালট পেপার ও প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।
সদর উপজেলা রিটার্নিং কর্মকর্তা মারুফ আফজাল রাজন জানিয়েছে, আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সদর ৩ আসনের প্রত্যন্ত চরাঞ্চলসহ সকল ভোটকেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় সামগ্রী পাঠানো হচ্ছে।
আগামীকাল ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবার ভোটাররা দুটি ব্যালট পেপারে ভোট দেবেন—সংসদ সদস্য নির্বাচনের জন্য সাদা ব্যালট এবং গণভোটের জন্য গোলাপি ব্যালট।
বুধবার সকাল ১০টা থেকে চাঁপাই নবাবগঞ্জ সদরের রিটার্নিং কর্মকর্তারা নিজ নিজ দপ্তর থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে ব্যালট পেপার ও অন্যান্য নির্বাচনী উপকরণ বিতরণ শুরু করেছেন।