প্রতিনিধি ২৩ ফেব্রুয়ারি ২০২৬ , ৩:২৮:১৮ প্রিন্ট সংস্করণ
আব্দুল হক, বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ

মাদক মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জিয়াকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)-এর সহায়তায় ঢাকার সাভার এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত জিয়া বাঘা থানার হরিরামপুর গ্রামের আমান মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, জিয়ার বিরুদ্ধে বাঘা থানায় একটি মাদক মামলা দায়ের ছিল। মামলায় গ্রেপ্তারের পর বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত তাকে ০২ (দুই) বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সাজা ঘোষণার পর থেকেই তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।
পলাতক আসামির অবস্থান শনাক্তে বাঘা থানা পুলিশ দীর্ঘদিন ধরে তথ্য-প্রযুক্তির সহায়তায় নজরদারি চালিয়ে আসছিল। অবশেষে নিশ্চিত হওয়া যায়, তিনি ঢাকার সাভার এলাকায় আত্মগোপনে রয়েছেন। পরে বাঘা থানা পুলিশের সমন্বয়ে র্যাব সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, “অপরাধ করে কেউ পার পাবে না। অপরাধী যেখানেই লুকিয়ে থাকুক না কেন, তাকে আইনের আওতায় এনে আদালতের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। নিরাপদ সমাজ গঠনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।”
তিনি আরও বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ দমনে পুলিশ সবসময়ই আপসহীন অবস্থানে রয়েছে।

















