আব্দুল হক, বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের খায়েরহাট বাজারে অবস্থিত ফাতেমা-মতিন ফাউন্ডেশন–এর উদ্যোগে বেকার, অসচ্ছল ও প্রতিবন্ধী মানুষের মাঝে ছাগল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানবিক এই উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি।
শুক্রবার (১৩ মার্চ) সকাল ১১টায় খায়েরহাট বাজারে আয়োজিত এ কর্মসূচিতে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. মো. তৌহিদ আল মাহমুদ, যিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সহকারী অধ্যাপক, তাঁর নিজস্ব অর্থায়নে ৪০ জন বেকার, অসচ্ছল ও প্রতিবন্ধী ব্যক্তির মাঝে ৬–৭ মাস বয়সী একটি করে ছাগল বিতরণ করেন।
ছাগল পেয়ে আনন্দে আপ্লুত হন বৃদ্ধ চান্দেরা বেগম। তিনি আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “আমি কত খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না। আমার এক ছেলে ও এক মেয়ে আছে। স্বামী অনেক আগেই মারা গেছেন। ছেলে আমাকে ভাত দেয় না। মানুষের বাসায় কাজ করে নিজের খরচ চালাই। নিজের জমি থাকলে কিছু একটা করে দিন পার করতাম, কিন্তু সেটাও নেই। আজ ফাউন্ডেশন থেকে একটি ছাগল পেয়ে খুব ভালো লাগছে।”
এ সময় সমাজসেবক মুমিনুল ইসলাম হিটলার বলেন, “এই ছাগলগুলো তাদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে দেওয়া হয়েছে। তারা যেন ছাগল বিক্রি না করে লালন-পালন করে সংখ্যা বাড়াতে পারে এবং সেখান থেকে নিজেদের জীবিকা নির্বাহ করতে পারে—সেই লক্ষ্যেই এই উদ্যোগ।”
ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক চপল মন্ডল জানান, “আমাদের ফাউন্ডেশন শুধু বেকার, অসচ্ছল ও প্রতিবন্ধীদের নিয়েই কাজ করে না। ভবিষ্যতে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে বিভিন্ন ধরনের সচেতনতামূলক কর্মসূচিও গ্রহণ করা হবে।”
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. মো. তৌহিদ আল মাহমুদ বলেন, “সমাজের অসহায়, বেকার ও প্রতিবন্ধী মানুষদের স্বাবলম্বী করে তোলাই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই তারা এই ছাগলগুলো লালন-পালন করে ধীরে ধীরে নিজেদের আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠুক। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং অসহায় মানুষের জীবনে নতুন আশার আলো জাগিয়েছে।