নিউজ ডেস্ক, দৈনিক চাঁপাই পোস্ট ||
চাঁপাইনবাবগঞ্জে নুরজাহান বেগম (৪২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে নিজ শয়নকক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত নুরজাহান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামকৃষ্টপুর (শান্তিমোড়) মহল্লার দুবাই প্রবাসী কোরাইসিন আলীর স্ত্রী। তিনি তিন সন্তানের জননী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকাল ৬টার দিকে শ্বশুরবাড়ির নিজ শয়নকক্ষে গলায় ওড়না পেঁচানো অবস্থায় নুরজাহানকে ঝুলন্ত অবস্থায় দেখেন তার মেয়ে। পরে খবরে পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার পরিদর্শক (তদন্ত) সূকোমল চন্দ্র দেবনাথ বলেন, ‘প্রাথমিক তদন্তের পর ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জেরে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
ঘটনার তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।