নিউজ ডেক্স: দৈনিক চাঁপাই পোস্ট ||
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নে পদ্মা নদীর বাঁধ থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা ও এক ট্রাক্টর চালককে ১০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ মার্চ ২০২৬) মধ্যরাতে ইসলামপুর ইউনিয়নের ভবানীপুর এলাকায় ‘বিএমএইচ ব্রিকস’ (হিরো ইটভাটা) সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকরামুল হক নাহিদ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পদ্মা নদীর ৬, ৭ ও ৮ নং বাঁধ এলাকা থেকে মধ্যরাতে একদল ভূমিদস্যু অবৈধভাবে মাটি কাটছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্তরা পালিয়ে গেলেও মাটি পরিবহনরত অবস্থায় সাকিব রানা নামে এক ট্রাক্টর চালককে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে আটক চালক স্বীকার করেন যে, তিনি ৮ নং বাঁধ এলাকা থেকে মাটি সংগ্রহ করে হিরো ইটভাটায় পৌঁছে দিচ্ছিলেন। ইটভাটার ম্যানেজার আলহাজ্ব এনামুল হকও (৬১) অবৈধভাবে মাটি কেনার বিষয়টি স্বীকার করেন।
উভয়ের স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত চালক সাকিব রানাকে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন’ এবং ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন’ অনুযায়ী মোট ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া অবৈধ মাটি কেনার অপরাধে ইটভাটার ম্যানেজার এনামুল হককে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারুফ আফজাল রাজন বলেন, "নদী ও পরিবেশ রক্ষায় সরকারের কঠোর অবস্থানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। নদী ভাঙন রোধ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।