দৈনিক চাঁপাই পোস্ট ডেস্ক||
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন আলীনগর এলাকায় মাদকের কুফল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে পথসভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
আজ ৩১ মার্চ (মঙ্গলবার) দুপুর ১২:৩০ ঘটিকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে আলীনগর ভূতপুকুর ও হাজিরমোড় এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
পথসভায় উপস্থিত বক্তারা মাদকের ভয়াবহতা এবং এর সামাজিক ও শারীরিক ক্ষতি সম্পর্কে স্থানীয়দের বিস্তারিত অবহিত করেন।
এসময় মাদকমুক্ত সমাজ গড়তে উপস্থিত এলাকাবাসীর মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। স্থানীয় জনগণ মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে প্রতিরোধ করার এবং মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল কায়েস জানান, জেলাকে মাদকমুক্ত করতে এবং তরুণ সমাজকে এর ছোবল থেকে রক্ষা করতে নিয়মিত এই ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
