প্রতিনিধি ২৪ মার্চ ২০২৬ , ২:০৯:৫৯ প্রিন্ট সংস্করণ
নিউজ ডেস্ক, দৈনিক চাঁপাই পোস্ট || চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কুথালিপাড়া গ্রামে এক সালিশ বৈঠককে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দফায় দফায় চলা এই সংঘর্ষে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ, বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠেছে
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের পুরনো একটি বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে সকালে কুথালিপাড়া গ্রামে সালিশ বৈঠক ডাকা হয়। বৈঠক চলাকালীন রানিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলীর সমর্থক এবং স্থানীয় সাবেক মেম্বার চান্দুর লোকজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা চরম উত্তেজনায় রূপ নেয় এবং উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে অন্তত অর্ধশতাধিক ককটেল নিক্ষেপ করে। বিকট শব্দে ককটেল বিস্ফোরণে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষের একপর্যায়ে বেশ কিছু বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। প্রাণভয়ে সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ে ছুটে যান। এই ঘটনায় মোজাফফর নামে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
খবর পেয়ে দুপুর ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং পুনরায় সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে রানিহাটি ইউপি চেয়ারম্যান রহমত আলীকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ককটেল বিস্ফোরণ ও সহিংসতার সাথে জড়িতদের শনাক্ত করার কাজ চলছে। তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

















