• Uncategorized

    চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা প্রশাসক হারুনুর রশীদের

      প্রতিনিধি ১৬ মার্চ ২০২৬ , ১১:৪২:৫৪ প্রিন্ট সংস্করণ

    দৈনিক চাঁপাই পোস্ট, নিউজ ডেক্স ||

    চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদকে একটি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন সদ্য নিযুক্ত প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ। সোমবার (১৬ মার্চ) দুপুরে জেলা পরিষদে প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই ঘোষণা দেন।

    এর আগে বেলা ১২টার দিকে হারুনুর রশীদ জেলা পরিষদে পৌঁছালে কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। দায়িত্ব পালনের প্রথম দিনে তিনি পরিষদের বিভিন্ন শাখার কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন এবং কাজের খোঁজখবর নেন। এ সময় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলাম ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    সাংবাদিকদের প্রশ্নের জবাবে হারুনুর রশীদ বলেন, “চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত রাখা আমার এক নম্বর প্রায়োরিটি (প্রধান অগ্রাধিকার)। এই জেলা যেন উন্নয়ন থেকে পিছিয়ে না পড়ে, সেজন্য প্রধানমন্ত্রী আমাকে এই দায়িত্ব দিয়েছেন। জেলা পরিষদের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল ও ত্বরান্বিত করাই আমার লক্ষ্য।”

    গণমাধ্যমকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “পরিষদের কোনো কাজে অনিয়ম বা অসঙ্গতি পরিলক্ষিত হলে আপনারা আমাকে দেখিয়ে দিবেন। আমি কথা দিচ্ছি, যেকোনো দুর্নীতির বিরুদ্ধে কঠোর ও যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।”

    সাবেক এই সংসদ সদস্য আরও জানান, দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে জেলার সার্বিক উন্নয়নের স্বার্থে তিনি সকলকে সাথে নিয়ে কাজ করতে চান।

     

     

    আরও খবর

    Sponsered content