ডেক্স রিপোর্ট: দৈনিক চাঁপাই পোস্ট ||
পবিত্র তারাবির নামাজ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যঙ্গাত্মক ভিডিও প্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে কাউসার আলী নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৭ মার্চ) রাতে জেলা শহরের সোনার মোড় এলাকায় এ ঘটনা
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত কাউসার আলী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সোনার মোড় এলাকার একটি মসজিদে তারাবির নামাজ চলাকালীন ভিডিও ধারণ করেন। পরবর্তীতে সেই ভিডিওটি ফেসবুকে আপলোড করে ক্যাপশনে লেখেন -‘4G তারাবি সোনার মোড় চাঁপাইনবাবগঞ্জ’।
ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। শনিবার রাতে উত্তেজিত এলাকাবাসী ওই কনটেন্ট ক্রিয়েটরকে আটক করে মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে এলাকাবাসী তাকে পুলিশের কাছে সোপর্দ করেন।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম আজ রবিবার (৮ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে কাউসার নামের ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।
