নিউজ ডেস্ক, দৈনিক চাঁপাই পোস্ট ||
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পর্যাপ্ত জ্বালানি তেল মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রেখে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে একটি পেট্রোল পাম্পকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় অবস্থিত ‘মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার ফিলিং স্টেশন’-এ এই অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে দেখা যায়, পাম্পটিতে ‘তেল নেই’ লিখে স্টিকার টানিয়ে রাখা হয়েছে। তবে পাম্পের স্টোরেজ যাচাই করে দেখা যায়, সেখানে ২,৩৬৮ লিটার পেট্রোল, ৩,৭৬০ লিটার ডিজেল এবং ৩,৬৫৫ লিটার অকটেন মজুত রয়েছে। পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও জ্বালানি বিক্রি বন্ধ রেখে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউএনও জাকির মুন্সী সংবাদমাধ্যমকে জানান, "কোনো অবস্থাতেই অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরি করা যাবে না। পাম্প মালিকদের অবশ্যই সরকারি নির্দেশনা মেনে চলতে হবে এবং প্রতিটি বিক্রয়ের ক্ষেত্রে সঠিক রসিদ প্রদান নিশ্চিত করতে হবে।" জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।