আব্দুল হক বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১১ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তারের সভাপতিত্বে আয়োজিত সভায় দিবস দুটি যথাযথভাবে পালনের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, দোয়া মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, মহান স্বাধীনতা দিবস ও গণহত্যা দিবস বাঙালি জাতির ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় দিন। দিবস দুটিকে যথাযোগ্য মর্যাদায় পালনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরা অত্যন্ত জরুরি।
সভা শেষে দিবস দুটির কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।