প্রতিনিধি ১৭ মার্চ ২০২৬ , ১২:০১:১০ প্রিন্ট সংস্করণ
আব্দুল হক বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর বাঘা উপজেলায় বেকার যুবক ও যুব নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারিবারিকভাবে হাঁস-মুরগি পালন বিষয়ক অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। এ প্রশিক্ষণের আয়োজন করেছে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর, বাঘা।
সোমবার (১৬ মার্চ) সকাল ১১টায় সরেজমিনে গেলে উপস্থিত প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা জানান, গত ১০ মার্চ বাঘা উপজেলার ৩ নং পাকুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আলাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সাত দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবির এবং ক্যাশিয়ার মোঃ রবিউল ইসলাম।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ মাহবুর রহমান। তিনি অংশগ্রহণকারীদের পারিবারিকভাবে হাঁস-মুরগি পালন, খামার ব্যবস্থাপনা, সঠিক খাদ্য সরবরাহ, রোগ প্রতিরোধ এবং প্রাথমিক চিকিৎসা সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন।
সাত দিনব্যাপী এই স্বল্পমেয়াদি প্রশিক্ষণে উপজেলার বেকার যুবক ও যুবতীরা অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণের মাধ্যমে স্বল্প পুঁজিতে হাঁস-মুরগি পালন করে কীভাবে আত্মনির্ভরশীল হওয়া যায় এবং ছোট উদ্যোগ থেকে ধীরে ধীরে বড় খামার গড়ে তোলার কৌশল শেখানো হচ্ছে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হবে। এ সনদের ভিত্তিতে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে ঋণ সহায়তা পাওয়ার সুযোগ থাকবে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এ উদ্যোগের মাধ্যমে অনেক বেকার যুবক ও যুবতীরা স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন।

















