প্রতিনিধি ১৮ মার্চ ২০২৬ , ৮:৫৯:৫৪ প্রিন্ট সংস্করণ
নিউজ ডেস্ক, দৈনিক চাঁপাই পোস্ট||

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ যখন সবার ঘরে ঘরে, ঠিক সেই মুহূর্তে সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে মানবিক এক উদ্যোগ নিয়েছে ৫৯ বিজিবি (মহানন্দা ব্যাটালিয়ন)।
বুধবার (১৮ মার্চ ২০২৬) সকালে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চকপুস্তম এলাকার একটি শিশু সদনে এসব অসহায় শিশুদের মাঝে ঈদ উপহার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সকাল ১০:২০ ঘটিকায় ৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম সশরীরে শিশু সদনে উপস্থিত হয়ে শিশুদের হাতে ঈদের নতুন পোশাক ও উন্নত মানের খাদ্যসামগ্রী তুলে দেন। উপহার সামগ্রীর মধ্যে ছিল পোলাওয়ের চাল, সেমাই, চিনি, তেলসহ ঈদের দিনের প্রয়োজনীয় উপকরণ।
নতুন পোশাক ও উপহার হাতে পেয়ে মা-বাবা হারা এই শিশুদের চোখে-মুখে এক অনাবিল প্রশান্তি ও আনন্দের ঝিলিক দেখা যায়। বিজিবি’র এই ভালোবাসার পরশ যেন মুহূর্তেই তাদের একাকীত্ব ভুলিয়ে দেয়।
উপহার বিতরণ শেষে আবেগঘন কণ্ঠে লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বলেন, “এই এতিম শিশুরাই আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের মুখে একটুখানি হাসি ফোটাতে পারা এবং তাদের আনন্দ ভাগ করে নেওয়ার চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। আমাদের সামান্য প্রচেষ্টায় যদি একটি শিশুও নিজেকে একা মনে না করে, তবেই আমাদের সার্থকতা।”
তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে আরও বলেন, “আমরা যদি নিজ নিজ অবস্থান থেকে এই সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াই, তবে সমাজের কোনো শিশুই নিজেকে অসহায় ভাববে না।”
সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবি’র এমন জনহিতকর ও মানবিক কর্মকাণ্ড স্থানীয় সাধারণ জনগণের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে। এলাকাবাসী মনে করছেন, বিজিবি’র এই উদ্যোগ সমাজের অন্যদেরও আর্তমানবতার সেবায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।

















