প্রতিনিধি ২৬ মার্চ ২০২৬ , ২:১৮:৩০ প্রিন্ট সংস্করণ
আব্দুল হক বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর বাঘা উপজেলায় যথাযোগ্য মর্যাদা, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা, কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনটি হয়ে ওঠে গৌরব ও স্মৃতিচারণের এক অনন্য উপলক্ষ।
বুধবার (২৬ মার্চ) ভোরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ৩১ বার তোপধ্বনি ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা হয়।
সকাল ৮টায় বাঘা শাহদৌল্লা সরকারি কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার। এ সময় উপস্থিত ছিলেন বাঘা থানার অফিসার ইনচার্জ সিরাজুল হকসহ অন্যান্য কর্মকর্তারা।
পতাকা উত্তোলন শেষে বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জন্য অর্জিত এক গৌরবময় দিন, যা কোনোভাবেই ধার করা নয়; এটি এ দেশের শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অসংখ্য ত্যাগ ও আত্মদানের মধ্য দিয়ে বাঙালি জাতি স্বাধীনতা ছিনিয়ে এনেছে। তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ, কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মনসুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এছাড়াও উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন ও সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি-সহ বিভিন্ন রাজনৈতিক নেতা, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

















