• Uncategorized

    নাচোলে বন্ধ পেট্রলপাম্প চালুর দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

      প্রতিনিধি ৬ এপ্রিল ২০২৬ , ৩:০৩:০৭ প্রিন্ট সংস্করণ

    দৈনিক চাঁপাই পোস্ট ডেস্ক ||

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মালিকানা দ্বন্দ্বে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একমাত্র পেট্রলপাম্পটি দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। আজ সোমবার সকাল ১০টার দিকে নাচোল বাসস্ট্যান্ডে এই কর্মসূচি পালিত হয়।

    নাচোল মানবিক উন্নয়ন সোসাইটি (এনমাস) ও নাচোল উন্নয়ন ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন স্থানীয় সাধারণ মানুষ, বিভিন্ন যানবাহনের চালক ও মালিকরা। ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে বক্তারা পাম্পটি বন্ধ থাকায় সৃষ্ট জ্বালানি সংকট ও ভোগান্তির চিত্র তুলে ধরেন।

     

    মানববন্ধনে বক্তব্য রাখেন আমানুল্লাহ আল মাসুদ, শাকিল রেজা, নুর কামাল, তন্ময় আহম্মেদ, বাবুল আখতারসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, “নাচোল পৌর এলাকার প্রাণকেন্দ্র দক্ষিণ সাঁকো পায়ায় অবস্থিত ‘মেসার্স সুইটি ফিলিং স্টেশন’টি মালিকপক্ষের পারিবারিক বিবাদের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ফলে নাচোলের হাজার হাজার মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন চালকরা চরম বিপাকে পড়েছেন। জ্বালানি নিতে তাদের অনেক দূরে যেতে হচ্ছে, যা সময় ও অর্থ উভয়েরই অপচয়।”

    বক্তারা আরও জানান, একটি গুরুত্বপূর্ণ সেবামূলক প্রতিষ্ঠান এভাবে দিনের পর দিন বন্ধ থাকা কোনোভাবেই কাম্য নয়। অবিলম্বে পাম্পটি চালু করার জন্য তারা সংশ্লিষ্ট প্রশাসন ও মালিকপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

     

    মানববন্ধন শেষে আন্দোলনকারীরা নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। দ্রুত সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

    আরও খবর

    Sponsered content