

দৈনিক চাঁপাই পোস্ট ডেস্ক |
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ১ কেজি ৫৫০ গ্রাম গান পাউডার ও পাঁচটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
পুলিশ জানায়, সদর থানার একটি মামলায় গ্রেপ্তার হওয়া মো. জুয়েল (৩০) জিজ্ঞাসাবাদে তার কাছে অবৈধ বিস্ফোরক দ্রব্য গান পাউডার ও ককটেল মজুদের তথ্য দেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১টা ২০ মিনিটে সদর থানার একটি দল রানীহাটি ইউনিয়নের জামতলা মোড়ে অভিযান চালায়। এ সময় জুয়েলের দেখানো স্থান থেকে ১ কেজি ৫৫০ গ্রাম গান পাউডার ও পাঁচটি তাজা ককটেল উদ্ধার করা হয়।
পরবর্তীতে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী মো. নাইম (২৩) কে একই রাতে ২টা ৫ মিনিটে বারোঘড়িয়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দেওয়া তথ্যমতে, গ্রেপ্তার জুয়েলের বিরুদ্ধে বর্তমানে ১৯টি মামলা চলমান রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সদর থানায় ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৪/৫/৬ ধারায় মামলা করা হয়েছে।