

দৈনিক চাঁপাই পোস্ট ডেস্ক |
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি অভিযান চালিয়ে ৩১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৫৩ বোতল চকো ডিএক্স সিরাপ ও ৩৯ বোতল মদ জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। জব্দ করা এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৬ হাজার ৫০০ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৫টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মাসুদপুর বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রামে অভিযান চালিয়ে ২১৭ বোতল এস্কাফ সিরাপ জব্দ করে।
একই দিন রাত ৯টা ৫০ মিনিটে ফতেপুর বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৫৩ বোতল চকো ডিএক্স সিরাপ ও ৩৯ বোতল মদ জব্দ করে।
এ ছাড়া বুধবার (১৮ নভেম্বর) রাত ১টার দিকে জহুরপুর বিওপির একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কালুপুর গ্রামে অভিযান চালিয়ে আরও ১০০ বোতল এস্কাফ সিরাপ জব্দ করে।
জব্দ করা সিরাপ ও মদ শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় জমা দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি, অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সীমান্ত এলাকায় সর্বদা নিয়োজিত রয়েছে। সীমান্ত সুরক্ষা, পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের পাশাপাশি মাদক ও অবৈধ চোরাচালান দমনে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।