

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৪ লাখ ৪৩ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাই মোবাইল ফোন ও পাথরবোঝাই একটি ভারতীয় ট্রাক আটক করেছে ৫৯ বিজিবি। এ সময় ট্রাকের চালককে আটক করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের মধ্যবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপুর নেতৃত্বে সোনামসজিদ বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়।
এ সময় পাথরবোঝাই একটি ভারতীয় ট্রাক তল্লাশি করে পাথরের মধ্যে বিশেষভাবে লুকিয়ে রাখা ৩৬টি ভারতীয় ব্যবহৃত চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই সঙ্গে ৪০ টন পাথরবোঝাই ভারতীয় ট্রাকটি জব্দ করা হয়।
এ ঘটনায় ট্রাকচালক জসিম শেখ (২৭) নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। তিনি ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার কালিয়াচক থানার মিল্লিক সুলতানপুর এলাকার বাসিন্দা।
বিজিবি জানায়, আটক মোবাইল ফোন, ৪০ টন পাথর ও ভারতীয় ট্রাকের মোট সিজার মূল্য ১ কোটি ৪ লাখ ৪৩ হাজার টাকা।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্তে চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান ও কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
আটক ব্যক্তি ও জব্দ করা মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।