প্রতিনিধি ১৭ জানুয়ারি ২০২৬ , ১০:২০:১০ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিনিধি|| চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ এবরান আলী (৫৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৫, সিপিসি-১।

শনিবার (১৭ জানুয়ারি) র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আটক এবরান আলী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন-এর মালবাগডাঙ্গা এলাকার সোনাপট্টি গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ জানুয়ারি) নিয়মিত টহল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানের অংশ হিসেবে র্যাবের একটি দল রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, এবরান আলীর নিজ বাড়িতে মাদকদ্রব্য মজুদ রয়েছে। পরে সেখানে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। অভিযানে তার হেফাজতে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৩ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ১০ লাখ টাকা।
র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মারুফ হোসেন খাঁন বলেন, “দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চরবাগডাঙ্গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইনসহ এক মাদককারবারিকে আটক করা হয়েছে।”
তিনি আরও জানান, আটক আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

















