প্রতিনিধি ৬ মার্চ ২০২৬ , ১:০৬:০৬ প্রিন্ট সংস্করণ
মনোয়ার হোসেন রুবেল|| দৈনিক চাঁপাই পোস্ট,

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া কাজীপাড়া গ্রামে মাদক ব্যবসার বিস্তার রোধ ও এলাকায় শান্তি ফেরানোর দাবিতে উত্তাল হয়ে উঠেছে সাধারণ মানুষ। শুক্রবার (৬ মার্চ) বাদ জুমা কাজীপাড়া জামে মসজিদের সামনে আয়োজিত এক বিশাল মানববন্ধনে পুরো এলাকাকে ‘মাদকমুক্ত’ ঘোষণা করেন স্থানীয়রা।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ছোট্ট এই গ্রামে ৪-৫টি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে। বহিরাগত বখাটে ও মাদকসেবীরা এলাকায় এসে প্রকাশ্যে গাঁজা, ইয়াবা ও হেরোইন সেবন করছে। এতে এলাকার তরুণ প্রজন্ম ধ্বংসের মুখে পড়ছে এবং সামাজিক পরিবেশ বিষিয়ে উঠেছে।
এলাকাবাসীর অভিযোগ, মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য নিয়ে বারবার আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। মাঝেমধ্যে দায়সারা অভিযান চললেও রহস্যজনকভাবে মাদক ব্যবসায়ীরা পার পেয়ে যায়।
কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন স্থানীয় সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি, বিশিষ্ট সমাজসেবক, মসজিদের ইমাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় কাজীপাড়া গ্রামের বিভিন্ন বয়সী নারী-পুরুষ ফেস্টুন ও ব্যানার হাতে মাদকবিরোধী স্লোগান দেন।
মানববন্ধন থেকে হুশিয়ারি দিয়ে বলা হয়, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আগামীতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। গ্রামবাসী ঐক্যবদ্ধভাবে এলাকা থেকে মাদক নির্মূল করতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।


















