প্রতিনিধি ১১ মার্চ ২০২৬ , ১০:৫১:৫৫ প্রিন্ট সংস্করণ
দৈনিক চাঁপাই পোস্ট, নিউজ ডেক্স||

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে নাসিমা বেগম নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ১১ মার্চ সকালে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রাণীনগর-হঠাৎপাড়ার নিজ বাড়ির একটি সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানাজাই – নাসিমা বেগমকে তার স্বামী হত্যা করে সেপটিক ট্যাংকে ফেলে দেন।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ এসব তথ্য নিশ্চিত করেছেন। নাসিমা বেগম রাণীনগর-হঠাৎপাড়া গ্রামের মিজানুর রহমান ভেজুর স্ত্রী।
অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, সকালে খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাসিমা বেগমের মরদেহ উদ্ধার করে। তার শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ সময় আটক করা হয়েছে তার স্বামী মিজানুর রহমান ভেজুকে। তিনি প্রাথমিকভাবে নাসিমা বেগমকে হত্যার কথা স্বীকার করেছেন।
ওয়াসিম ফিরোজ আরও বলেন, পারিবারিক কলহের জেরে রাতে বাড়ির ভেতরে ধারালো অস্ত্রের আঘাতে নাসিমা বেগমকে হত্যা করে মিজানুর। পরে তার মরদেহ বাড়ির বাইরে এনে সেপটিক ট্যাংকে ফেলে দেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

















