প্রতিনিধি ২৮ মার্চ ২০২৬ , ১:২৯:২২ প্রিন্ট সংস্করণ
নিউজ ডেস্ক, দৈনিক চাঁপাই পোস্ট ||

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও নগদ টাকাসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) শিবগঞ্জ থানাধীন নামোচাকপাড়া গ্রামে এই অভিযান চালানো হয়। অভিযানে ১ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা নগদ এবং বিভিন্ন ধরণের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নামোচাকপাড়া গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোসা. পপিয়ারা বেগম (৩৬) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। তবে অভিযানের সময় তার স্বামী মোঃ শামির উদ্দীন (৩৯) কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন।
তল্লাশি চালিয়ে গ্রেপ্তারকৃতের কাছ থেকে ৭ গ্রাম হেরোইন, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২ বোতল কোডিন ফসফেটযুক্ত এসকাফ (Eskuf) সিরাপ উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির নগদ ১,৬৫,৫০০ টাকা জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান জানান, জেলাকে মাদকমুক্ত করতে এই ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

















