• Uncategorized

     শিবগঞ্জে ভারতীয় বুনো শূকরের তাণ্ডব, আহত ৪

      প্রতিনিধি ২ এপ্রিল ২০২৬ , ৭:৫৫:৩৪ প্রিন্ট সংস্করণ

    দৈনিক চাঁপাই পোস্ট ডেস্ক || চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় বুনো শূকরের আক্রমণে চারজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার বিনোদপুর ও শ্যামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।

    আহতরা হলেন—শ্যামপুর ইউনিয়নের কামাত গ্রামের মনিরুল ইসলামের ছেলে জনি, মফিজুদ্দিনের ছেলে ডালিম, আব্দুল হাকিমের ছেলে মুলি এবং বড় হাদিনগর গ্রামের নাসির উদ্দিন।

     

    স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বড় হাদিনগর গ্রামের নাসির উদ্দিন বিনোদপুর বাজার থেকে ছাগলের ঘাস নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে একটি আমবাগানের মধ্য দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি বুনো শূকর তাঁর ওপর আক্রমণ করে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করেন।

    অন্যদিকে, বিনোদপুর ইউনিয়নের একটি আমবাগানে স্প্রে করার সময় আরও তিন শ্রমিকের ওপর আক্রমণ চালায় বুনো শূকরটি। গ্রামবাসী ধাওয়া দিলে সেটি পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, প্রাণীটি দেখতে অনেকটা বিড়ালজাতীয় বৈশিষ্ট্যের এবং এটি ভারত সীমান্ত থেকে এসেছে।

    শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

    শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া জানান, সীমান্ত এলাকার ফসলি জমিতে বুনো শূকর হানা দিচ্ছে। এগুলো সাধারণত সন্ধ্যার পর ভারত থেকে বাংলাদেশে ঢোকে এবং ভোরে আবার ফিরে যায়। কৃষকরা রাত জেগে ফসল পাহারা দিচ্ছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

    আরও খবর

    Sponsered content