প্রতিনিধি ৩ এপ্রিল ২০২৬ , ৫:০৭:০৩ প্রিন্ট সংস্করণ
দৈনিক চাঁপাই পোস্ট | ডেস্ক

মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে বিশেষ প্রচারণামূলক কর্মসূচি পালন করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
আজ শুক্রবার (০৩ এপ্রিল ২০২৬) দুপুর ২:০০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন ঘোড়াষ্টান এলাকায় জুম্মার নামাজ শেষে স্থানীয় মুসল্লি ও সাধারণ জনগণের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।
লিফলেট বিতরণকালে উপস্থিত কর্মকর্তাদের পক্ষ থেকে মাদকের কুফল এবং এর সামাজিক ও শারীরিক ক্ষতি সম্পর্কে আলোচনা করা হয়। এ সময় স্থানীয় বাসিন্দারা মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং নিজ এলাকায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গড়তে এবং তরুণ প্রজন্মকে রক্ষা করতে জেলাজুড়ে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

















