প্রতিনিধি ৮ এপ্রিল ২০২৬ , ১২:৫৫:৫৯ প্রিন্ট সংস্করণ
দৈনিক চাঁপাই পোস্ট ডেস্ক ||

“স্কাউটিং করব, স্মার্ট বাংলাদেশ গড়ব”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ‘বাংলাদেশ স্কাউট দিবস’। বুধবার (৮ এপ্রিল) সকালে জেলা প্রশাসন ও জেলা স্কাউটসের যৌথ উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি সুসজ্জিত বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক (ডিসি)।
র্যালি পরবর্তী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “তরুণ প্রজন্মকে দক্ষ, আত্মপ্রত্যয়ী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিংয়ের কোনো বিকল্প নেই। স্কাউটরা সবসময় সেবামূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্কাউটদের নৈতিকতা ও শৃঙ্খলার শিক্ষা অত্যন্ত জরুরি।”
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জেলা স্কাউটসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট লিডার ও রোভার স্কাউটগণ উপস্থিত ছিলেন। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক স্কাউট সদস্য ইউনিফর্ম পরিহিত অবস্থায় অংশগ্রহণ করায় পুরো কর্মসূচিতে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। অনুষ্ঠান শেষে স্কাউটিং কার্যক্রমে বিশেষ অবদানের জন্য কয়েকজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উক্ত আয়োজনে জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

















