প্রতিনিধি ১৪ এপ্রিল ২০২৬ , ৩:২৪:৪৮ প্রিন্ট সংস্করণ
আব্দুল হক বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে রাজশাহীর বাঘা উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে।
বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে ০১লা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ (১৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ) উপজেলা চত্বরে বটমূলে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ আবু সাঈদ চাঁদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আক্তার তমা।
দিনব্যাপী কর্মসূচির শুরুতে সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, যেখানে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পরে লোকজ মেলার উদ্বোধন করা হয়।
এছাড়া দিনজুড়ে চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী লাঠিখেলা, যা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। গ্রামীণ ঐতিহ্যের এই খেলা উপভোগ করতে বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে।
উৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন উপস্থিত অতিথি ও দর্শনার্থীরা।

















