প্রতিনিধি 18 November 2026 , 12:12:48 প্রিন্ট সংস্করণ
দৈনিক চাঁপাই পোস্ট ডেস্ক ||


চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জমি জবরদখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সাবেক ডিআইজি মো. নজরুল ইসলাম, তাঁর স্ত্রী ও শ্যালকসহ কয়েকজনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১টায় চাঁপাইনবাবগঞ্জ মডেল প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন জমির মালিকদের পক্ষে মো. আব্দুর রহিম।
লিখিত বক্তব্যে তিনি জানান, নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের পশ্চিম মির্জাপুর মৌজায় ৭১ নম্বর জেএলভুক্ত ৪২৭, ৩২৫ ও ২৪ নম্বর দাগে তাঁদের ছয় ভাইয়ের নামে প্রায় ১১ বিঘা জমি রয়েছে। ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ১০ বছর মেয়াদে এসব জমি আবু হেনা মোস্তফা জামানকে লিজ দেওয়া হয়। লিজ নেওয়ার পর তিনি সেখানে আমবাগান গড়ে তোলেন। বাগান দেখাশোনার জন্য জমির মালিকদের অনুমতি নিয়ে রাস্তা-সংলগ্ন স্থানে দুই কক্ষবিশিষ্ট একটি বাথানঘর নির্মাণ করেন। লিজের মেয়াদ শেষ হলে ঘরটি সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলেও দাবি করেন আব্দুর রহিম।
তিনি অভিযোগ করেন, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর লিজের মেয়াদ শেষ হলেও আবু হেনা মোস্তফা জামান বাথানঘরটি সরিয়ে নেননি। এ নিয়ে স্থানীয়ভাবে সালিশও হয় এবং ঘরটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়নি। তাঁর অভিযোগ, সাবেক ডিআইজি মো. নজরুল ইসলাম ও তাঁর স্ত্রী নুপুরের প্রভাব ও ইন্ধনে বাথানঘরটি দখলে রাখা হয়েছে।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, আব্দুর রহিমের ভাই মো. জামিরুল রহমানের কাছ থেকে আবু হেনা মোস্তফা জামান তিনটি দাগে মোট ১৩ কাঠা জমি কিনেছেন। তবে এর বাইরে রাস্তা-সংলগ্ন অন্য একটি দাগের আরও ১৩ কাঠা জমি জোরপূর্বক ভোগদখলে রাখার অভিযোগ করেন তিনি।
আব্দুর রহিমের দাবি, গত ১০ অক্টোবর তাঁরা অভিযুক্তদের জমি ছেড়ে দেওয়ার কথা বললে তাঁদের ভয়ভীতি দেখানো হয় এবং সাবেক ডিআইজির প্রভাবের কথা বলা হয়। পরে ২৩ অক্টোবর নাচোল থানায় তাঁদের বিরুদ্ধে একটি মামলা করা হয়। সাবেক ডিআইজি নজরুল ইসলামের প্রভাব খাটিয়ে ওই মামলা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। মামলাটি বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে আব্দুর রহিম আরও অভিযোগ করেন, অভিযুক্তরা বিভিন্ন মাধ্যমে তাঁদের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন। তিনি এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাঁদের বিচারের আওতায় আনার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে অভিযুক্ত সাবেক ডিআইজি মো. নজরুল ইসলাম, তাঁর স্ত্রী নুপুর ও আবু হেনা মোস্তফা জামানের বক্তব্য পাওয়া যায়নি।



































