প্রতিনিধি 27 November 2026 , 10:48:49 প্রিন্ট সংস্করণ
আব্দুল হক, বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ


রাজশাহীর বাঘা উপজেলার মহদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনন্দ-উল্লাস, উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনের মধ্য দিয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা, নৈতিক শিক্ষা ও সুন্দর মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বানে মুখরিত ছিল অনুষ্ঠানটি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মাওলানা মোঃ সাজেদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুস সামাদ, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল সামাদ মুকুল এবং বাঘা উপজেলা যুবদলের নেতা মোঃ আসলাম হোসেন মালিথা।
এছাড়াও অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, বরং সৎ, আদর্শবান, যোগ্য ও মানবিক মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সময়ের গুরুত্ব দিতে হবে, নিয়মিত অধ্যয়ন করতে হবে এবং পিতা-মাতা ও শিক্ষক-শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা বজায় রাখতে হবে। বড়দের সালাম দেওয়া, নৈতিক শিক্ষা অর্জন ও মানবিক মূল্যবোধ ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান বক্তারা।
এ সময় প্রাথমিক শিক্ষার উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রাথমিক শিক্ষার্থীদের জন্য গ্রহণ করতে যাওয়া বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ নিয়েও আলোচনা করা হয়।
অনুষ্ঠানের একপর্যায়ে বিদায়ী পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। পরে উপস্থিত অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।
আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সভাপতি মাওলানা মোঃ সাজেদুর রহমান সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।



































