প্রতিনিধি 28 November 2026 , 8:24:02 প্রিন্ট সংস্করণ
দৈনিক চাঁপাই পোস্ট ডেস্ক |
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন—এসআরবি-৫- এর অভিযানে ১৮৩ বোতল ফেন্সিডিলজাতীয় মাদকসহ মাহিরন বেগম (৩৯) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) ভোর ৩টার দিকে ভোলাহাট সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চামুশা এলাকায় তার বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
এসআরবি-৫ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল ওই বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় এসআরবির উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত শাকিউল হক পালিয়ে গেলেও তার স্ত্রী মাহিরন বেগমকে গ্রেপ্তার করা হয়।
পরে গ্রেপ্তার মাহিরন বেগমের স্বীকারোক্তি ও দেখানো মতে বসতবাড়ির শয়নকক্ষে একটি প্লাস্টিকের বস্তা থেকে ১৫৩ বোতল ফায়ারডিল, ২৯ বোতল ভিনকফ-কেটি ও ১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
এসআরবি-৫-এর প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার নারী ও তার স্বামী দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
গ্রেপ্তার নারী ও জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভোলাহাট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।



































