প্রতিনিধি 21 November 2026 , 4:30:27 প্রিন্ট সংস্করণ
দৈনিক চাঁপাই পোস্ট ডেস্ক |


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৩৪৫ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মেহেদী হাসান (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে শিবগঞ্জ উপজেলার সাহাবাজপুর ইউনিয়নের ইসলামপুর বাজারস্থ যাত্রী ছাউনিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল জানতে পারে, এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে ইসলামপুর বাজারের যাত্রী ছাউনিতে অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৩৪৫ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও মাদক ব্যবসায় ব্যবহৃত একটি পুরাতন স্মার্টফোন উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেপ্তার মেহেদী হাসান শিবগঞ্জ উপজেলার সাহাবাজপুর ইউনিয়নের তেররশিয়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
পরে গ্রেপ্তার ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এসআরবি জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে তাদের অভিযান অব্যাহত রয়েছে।



































