প্রতিনিধি ৩০ এপ্রিল ২০২৬ , ৪:০৯:২০ প্রিন্ট সংস্করণ
দৈনিক চাঁপাই পোস্ট ডেস্ক ||

চাঁপাইনবাবগঞ্জে সরকারি চাকরি দেওয়ার নামে ১৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় মডেল প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জের হলরুমে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সবিরণ লিখিত বক্তব্যে জানান, ২০২৪ সালের ডিসেম্বরে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের জোর বাগান এলাকার বাসিন্দা মোসা: লাইলী ও তার সহযোগীরা তার বাড়িতে এসে তার মেয়ে তাসমিন নাহারকে সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখান।
এরপর ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বিভিন্ন সময়ে কাগজপত্র ও চাকরির কথা বলে নগদ ও বিকাশের মাধ্যমে ধাপে ধাপে মোট ১৪ লাখ টাকা গ্রহণ করেন তারা।
সবিরণ অভিযোগ করেন, প্রতারণার বিষয়টি বুঝতে পেরে টাকা ফেরত চাইলে অভিযুক্ত লাইলী, তার ছেলে মিন্টু ও মেয়ে রিমা গালিগালাজ ও মারধর করে তাকে বাড়ি থেকে বের করে দেয়। এমনকি পরবর্তীতে টাকা চাইতে গেলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
তিনি বলেন, “আমি মানুষের বাসায় কাজ করে সংসার চালাই। আমার কষ্টের সব টাকা তারা নিয়ে গেছে। আমি এর সঠিক বিচার চাই।
অভিযোগের বিষয়ে জানতে যোগাযোগ করা হলে অভিযুক্তদের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ একরামুল হোসাইন পিপিএম জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

















