প্রতিনিধি ২০ এপ্রিল ২০২৬ , ৫:৫৬:৩৪ প্রিন্ট সংস্করণ
দৈনিক চাঁপাই পোস্ট ডেস্ক |

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুরে ট্রাক চাপায় আবির রহমান (১৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার বন্ধু আবু তালহা। সোমবার (২০ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মো. একরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আবির রহমান রাজশাহীর কাটাখালি পৌর এলাকার শ্যামপুর গ্রামের মো. সুজনের ছেলে। বর্তমানে তার পরিবার চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শাহীবাগ এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।
পুলিশ জানায়, আবির তার বন্ধু আবু তালহাকে নিয়ে হরিপুর বাজারে গিয়েছিলেন। সেখান থেকে বাইসাইকেলে ফেরার পথে হরিপুর-চুরকি মার্কেটের সামনে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আবিরের মৃত্যু হয়।
পরে স্থানীয়রা আহত আবু তালহাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার পর উত্তেজিত জনতা চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক অবরোধ করলে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক করে।
এদিকে দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি নিয়ে চালক দ্রুত পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ দেখে ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

















