• Uncategorized

    গোমস্তাপুরে কনস্টেবলকে মারধরের অভিযোগ, বিএনপি নেতাকে ধরতে অভিযান

      প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২৬ , ৬:৩৯:৩৯ প্রিন্ট সংস্করণ

    দৈনিক চাঁপাই পোস্ট ডেস্ক  ||

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় একটি পেট্রলপাম্পে ইঞ্জিন অয়েল নিতে গিয়ে পুলিশের এক কনস্টেবল মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় এক বিএনপি নেতাকে অভিযুক্ত করা হয়েছে।

    পুলিশ সূত্রে জানা গেছে, মারধরের শিকার কনস্টেবল মো. শওকত নাচোল থানায় কর্মরত এবং তিনি পুলিশের গাড়িচালক। রোববার দুপুরে উপজেলার খয়রাবাদ এলাকায় অবস্থিত রায়হান ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

    নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, মেরামতাধীন একটি পুলিশ গাড়ির জন্য ইঞ্জিন অয়েল আনতে কনস্টেবল শওকতকে পাম্পে পাঠানো হয়। তিনি নির্ধারিত স্লিপ জমা দিয়ে অপেক্ষা করছিলেন। এ সময় পাম্প মালিকের ছেলে ও গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল্লাহ আল রায়হান তাঁকে সেখান থেকে চলে যেতে বলেন। তবে কনস্টেবল নিজের পরিচয় দিয়ে অয়েল দেওয়ার অনুরোধ করলে বাকবিতণ্ডা শুরু হয়।

    একপর্যায়ে অভিযুক্ত রায়হান কনস্টেবল শওকতের গালে থাপ্পড় মারেন এবং লাঠি দিয়ে আঘাত করেন বলে অভিযোগ করা হয়। এতে তাঁর গাল ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে।

    গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম জানান, এ ঘটনায় রায়হান ফিলিং স্টেশনের তিন কর্মচারীকে আটক করা হয়েছে এবং প্রধান অভিযুক্ত আবদুল্লাহ আল রায়হানকে গ্রেপ্তারে অভিযান চলছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

    অভিযুক্ত আবদুল্লাহ আল রায়হান ও তাঁর বাবা আশরাফ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি। তবে রায়হানের বড় ভাই ও গোমস্তাপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল গণি হামিদ চৌধুরী বলেন, ঘটনার সময় তারা সেখানে উপস্থিত ছিলেন না এবং বিষয়টি তদন্তাধীন থাকায় এ মুহূর্তে কোনো মন্তব্য করতে চান না।

    গোমস্তাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন বলেন, আবদুল্লাহ আল রায়হান যে কমিটির সভাপতি ছিলেন, সেটি সম্প্রতি ভেঙে দেওয়া হয়েছে। বর্তমানে সেখানে আহ্বায়ক কমিটি দায়িত্ব পালন করছে। ঘটনাটি সম্পর্কে তিনি কিছু জানেন না বলে জানান।

     

     

    আরও খবর

    Sponsered content